Published : 18 May 2026, 11:07 AM
২০২৬ সালের বিশ্বকাপ আসরের আগে লিওনেল মেসি যেন নিজেকে আরও ধারালো করে তুলছেন। ইন্টার মায়ামি দলের জয়খরা কাটানোর পেছনেও ছিল এই কিংবদন্তীর অবদান। মেজর লিগ সকারে আজ (বাংলাদেশ সময়) পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে মায়ামি যেন নতুন জীবন পেল। ম্যাচের ৩১ মিনিটে নিজে গোল করার পর ৪২ মিনিটে দারুণ এক পাসে মেক্সিকোর ফরোয়ার্ড এরমান বের্তারেমকে দিয়ে গোল করান মেসি। এর মাধ্যমে মায়ামি নিজেদের নতুন মাঠ নু স্টেডিয়ামে প্রথম জয়ের স্বাদ পেল। ৩৮ বছর বয়সী মেসি প্রায় পুরো ম্যাচেই পোর্টল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড়দের ব্যস্ত রেখেছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আর মাত্র এক মাসেরও কম সময় বাকি, আর সেই আগেই মেসি বুঝিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার শিরোপা রক্ষার মিশনে তিনি কতটা প্রস্তুত। মায়ামি মিডফিল্ডার টেলাস্কো সেগোভিয়ার ব্যাকহিল পাসে ৩১ মিনিটে গোল করেন মেসি। ক্যারিয়ারে এটি তাঁর ৯১০তম গোল। তবে ম্যাচের সবচেয়ে নজরকাড়া মুহূর্ত ছিল তাঁর দ্বিতীয় গোলটি।
বক্সের ভেতরে বল পেয়ে পোর্টল্যান্ডের রক্ষণভাগকে যেভাবে তিনি ছিন্নভিন্ন করেছেন, তা দেখলে মেসির পুরনো দিনের কথা মনে পড়ে। লুইস সুয়ারেজের সঙ্গে ক্ষিপ্র গতিতে বল আদান-প্রদান করে পোর্টল্যান্ডের বক্সে ঢুকে পড়েন মেসি। প্রতিপক্ষের চারজন খেলোয়াড় তাঁকে আটকাতে চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ মুহূর্তে সামান্য ফাঁকায় দাঁড়িয়ে থাকা বের্তারেমকে পাস দেন মেসি, এবং গোল করতে আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের কোনো অসুবিধা হয়নি। বিরতির পর গোল বাড়ানোর আরও সুযোগ পেয়েছিলেন মেসি। তাঁর একটি শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। এছাড়া, ফ্রি-কিক থেকে নেওয়া মেসির শট পোর্টল্যান্ডের গোলকিপার জেমস প্যান্টেমিস অবিশ্বাস্য দক্ষতায় বাঁচিয়ে দেন। গত মাসে উদ্বোধন হওয়া নু স্টেডিয়ামে এটি ছিল মায়ামির পঞ্চম ম্যাচ। ২৭ হাজার আসনের এই স্টেডিয়ামে এর আগে মায়ামি তিনটি ম্যাচ ড্র করেছিল। অরল্যান্ডো সিটির বিপক্ষে এই মাঠেই ৩-০ গোলে এগিয়ে থাকার পরও ৪-৩ গোলে হেরে গিয়েছিল তারা।
অবশেষে, পোর্টল্যান্ডের বিপক্ষে নতুন স্টেডিয়ামে জয়খরা ঘুচাতে পারল মায়ামি। বিশ্বকাপের কথা মাথায় রেখে গত মাস থেকেই ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন মেসি। মায়ামির শেষ চারটি ম্যাচেই তিনি গোল করেছেন এবং সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন। এ বছর এমএলএসে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি ৬টি গোলে সহায়তা করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ২০২২ বিশ্বকাপ জয়ী মেসি এবারের বিশ্বকাপে খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত করেননি। তবে তাঁর খেলার সম্ভাবনাই বেশি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাঁকে ৫৫ জনের প্রাথমিক দলেও রেখেছেন। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।।